"পরিকল্পিত গর্ভধারণ ডায়াবেটিস প্রতিরোধের অন্যতম হাতিয়ার"-স্লোগানে সারাদেশে পালিত হল ডায়াবেটিস সচেতনতা দিবস ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির ৬১তম প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে নানান কর্মসূচি পালন করা হয়। রোগটি সম্পর্কে সচেতনতা বাড়াতে ও পাঠ্যপুস্তকে বিষয়টি অর্ন্তভূক্ত করতে সরকারের প্রতি আহ্বান জানান সংশ্লিষ্টরা।
ডায়াবেটিস সচেতনতা দিবস ও সমিতির ৬১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার দিনব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি।
রাজধানীর শাহবাগ ও ধানমন্ডির রবীন্দ্র সরোবরসহ বিভিন্ন এলাকায় বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
মঙ্গলবার সকালে ডায়াবেটিক সমিতির পক্ষ থেকে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশটিভি ও জাতীয় দৈনিক ভোরের কাগজেও বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়।
দুপুরে, রাজধানীর শাহবাগে বারডেম জেনারেল হাসপাতালের অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন ইমেরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী।
ডায়াবেটিস সম্পর্কে সকলকে সচেতন করে তুলতে মসজিদের ইমামদের অর্ন্তভূক্ত করার কথা জানান বক্তারা।
কায়িক পরিশ্রমের পাশাপাশি খাদ্যাভাস পরিবর্তনের ওপরও গুরুত্ব দেন বাংলাদেশ ডায়াবেটিক সমিতির মহাসচিব মোহাম্মদ সাইফ উদ্দিন।
জাতীয় দৈনিক ভোরের কাগজের কনফারেন্স হলে সেমিনারের আয়োজন করা হয়। এতে বক্তারা বলেন, প্রতি ৬ সেকেন্ডে ১ জন ব্যক্তি ডায়াবেটিসজনিত জটিলতায় মারা যায়।
এছাড়া পৃথিবীতে প্রতি বছর নতুন করে ৭ মিলিয়ন ব্যক্তি ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। ডায়াবেটিক সম্পর্কেকে সচেতনতা বাড়াতে গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।