পুরান ঢাকার ঢালকানগরে বুধবার রান্নাঘরের গ্যাসের লাইন আগুন ধরে দুই শিশুসহ সাত জন দগ্ধ হয়েছে।
দগ্ধরা হলো: দুই ভাই বোন শুভ (৮) ও শরিফা (১৩), তাদের বাবা মো. শরিফ (৪৫), মা সাহিদা (৩৫), খালা শাহনাজ (২৮), খালু আলী হোসেন (৪০) ও নানি আলেয়া বেগম (৫০)।
স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
শ্যামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা-ওসি আব্দুর রজ্জাক শেখ বলেন, ভোর সাড়ে ৪টার দিকে টিনশেড ওই বাড়ির দুটি ঘরে আগুন লাগে। সরবরাহ লাইনের ছিদ্র থেকে গ্যাস জমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরো বলেন, ওই পরিবার রান্না করে বিভিন্ন মেসে খাবার সরবরাহ করত।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মাহমুদুল হক জানান, আগুন লাগার খবর পেয়েছি, স্থানীয়রাই আগুন নিভিয়ে ফেলেন।
ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের মধ্যে কারও শরীরের ৪৫ শতাংশ পর্যন্ত পুড়ে গেছে। তারমধ্যে চার জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন।