সাতক্ষীরার মুক্তামনির বায়োপসি রিপোর্টে তার রক্তনালীতে টিউমার ধরা পড়েছে। শনিবার তার হাতে অস্ত্রোপচার করা হবে বলে জানিয়েছেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের (ঢামেক) বার্ন ইউনিটের চিকিৎসকরা।
মঙ্গলবার সকালে ১৩ সদস্যবিশিষ্ট মেডিক্যাল বোর্ড মিটিংয়ে এ তথ্য জানানো হয়েছে।
বার্ন ইউনিটের সমন্বয়কারী ডা. সামন্তলাল সেন বলেন, মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী মুক্তামনির আগামী শনিবার হাতে অস্ত্রোপচার করা হবে। মুক্তামনির জীবন রক্ষার্থে যদি হাত কেটে ফেলতে হয়, সেই বিষয়ে তার বাবা-মায়ের সঙ্গে কথা বলা হয়েছে।
তিনি আরো বলেন, এটি কোনো বিরল রোগ নয়। তার হাতে টিউমার ধরা পড়েছে। টিউমার থেকেই এ রোগ হয়েছে। তবে টিউমারে ক্যান্সারের কোনো অস্তিত্ব পাওয়া যায়নি।
এর আগে গত শনিবার সকালে মু্ক্তামনির বায়োপসি করা হয়। এর রিপোর্ট পাওয়া যায় সোমবার। পরে রিপোর্ট পর্যালোচনা করে ঢামেকের বার্ন ইউনিটের চিকিৎসকরা মুক্তামনির রক্তনালীতে টিউমার ধরা পরার কথা জানান।
শনিবার সকালে বায়োপসির পর মুক্তামনির আক্রান্ত স্থান দিয়ে বেশ কয়েকবার রক্তক্ষরণ হয়। এরপর ওইদিন দুপুর ও বিকালে তাকে তৃতীয়বারের মতো অপারেশন থিয়েটারে নেওয়া হয়। তাকে বার্ন ইউনিটের আইসিইউ- ৫ নম্বর বেডে রাখা হয়েছে।
বিরল রোগে আক্রান্ত সাতক্ষীরার মুক্তামনিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সম্প্রতি প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন প্রকাশের পর এই শিশুর চিকিৎসার দায়িত্ব নেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সিরাজুল ইসলাম।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তামনির চিকিৎসার ব্যয়ভার বহনের দায়িত্ব নেন।