নোয়াখালী নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার্থীরা হোস্টেলে রাতের খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ায় তাদের মধ্যে ৩২ জনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার সকালে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
শিক্ষার্থীরা বলেন, রাতে খাবার খেয়ে তাদের পেট ব্যথা, বমি শুরু হয় এতে তারা অসুস্থ হয়ে পড়েন। পরে ৩২ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
খাদ্যের বিষক্রিয়ায় তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে চিকিৎসকেরা ধারণা করছেন।
নার্সিং ইনস্টিটিউটের তত্ত্বাবধায়ক বেবি সুলতানা বলেন, ভোর থেকে হোস্টেলের প্রথম বর্ষের ছাত্রীদের একে একে পাতলা পায়খানা ও বমি হতে থাকে। পরে তারা অসুস্থ হয়ে পড়লে দ্রুত জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
তিনি আরো বলেন, হোস্টেলের ডাইনিংয়ের খাবারে সমস্যা হলে ইনস্টিটিউটের ছয়টি ব্যাচের ছাত্রীরাই আক্রান্ত হতো। কিন্তু আক্রান্ত সবাই প্রথম বর্ষের শিক্ষার্থী। ওই শিক্ষার্থীরা বাইরে থেকে আনা অন্য কোনো খাবার খেয়ে ডায়রিয়ায় আক্রান্ত হতে পারেন বলে তিনি ধারণা করছেন।
তবে নোয়াখালী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডা. শামসুল করিম অসুস্থ ৩২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।
তিনি আরও জানান, ঘটনার তদন্তে হাসপাতালের আবাসিক চিকিৎসক ফরিদউদ্দিনকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়েছে।
হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আজিম বলেন, সকাল সাড়ে ১০টা পর্যন্ত ২৭ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং পাঁচ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
ধারণা করা হচ্ছে, খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন ছাত্রীরা। আক্রান্ত ছাত্রীদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।