ঈদের টানা ছুটিতেও রাজধানীর অধিকাংশ সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসকের কমতি নেই।
সংশ্লিষ্টরা বলেছেন,সব ধরনের সংকট মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতির পাশাপাশি প্রয়োজনীয় চিকিৎসক ও নার্সরাও রয়েছেন কাজে।
সরকারি হাসপাতালগুলোতে খোলা রাখা হয়েছে বর্হিবিভাগ— তবে চাপ রয়েছে জরুরি বিভাগেও।
ঈদ উপলক্ষে বরাবরের মতো এবারও রোগীদের জন্য তিন বেলা বিশেষ খাবারের ব্যবস্থাও করেছে সরকারি হাসপাতালগুলো। আর বেসরকারি হাসপাতালগুলো অন্যসময়ের মতই তাদের চিকিৎসা সেবা চালু রেখেছে।
ঈদের ছুটিতেও কর্মতৎপরতা অব্যাহত রেখেছেন রাজধানীর বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা।
রোববার সকালে যথাসময়েই ওয়ার্ডে রোগী পরিদর্শন করছেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর ডা. মো. শহীদুল্লাহ সিকদার।
ঈদের ছুটিতে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা দেয়া হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের চিত্রও একই। যথারীতি চলছে চিকিৎসা সেবা- জানান রোগীর স্বজনরা।
হাসপাতালের পরিচালকও জানান ঈদের ছুটিতে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবার বিস্তারিত।
তবে রোগীদের মধ্যে কেউ কেউ বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কথা জানান। ঈদের ছুটিতে এ ধরনের চিকিৎসকের সংখ্যা বাড়ানোর পরামর্শও তাদের।
এছাড়া, জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটেও চলছে বিশেষ ব্যবস্থায় চিকিৎসা সেবা কার্যক্রম।
কর্তব্যরত চিকিৎসক বলেন, ডাক্তার -নার্সের কোন সংকট নেই তাদের হাসপাতালে।
বেসরকারি হাসপাতালগুলোও ২৪ ঘণ্টা তাদের সেবা কার্যক্রম চালাচ্ছে বলে নিশ্চিত করে কর্মকতারা বলেন, জরুরি বিভাগে সার্বক্ষণিক তৎপর রয়েছেন ডাক্তার-নার্সরা।