মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক বাহিনীর নিধনযজ্ঞ থেকে বাঁচতে বাংলাদেশে পালিয়ে আসছে লাখ লাখ রোহিঙ্গা।
নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশের হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে নরাখাইন থেকে পালিয়ে অনেকেই।
তাদের মধ্যে অনেকেই পুড়ে গিয়েছেন এবং অনেকে গুলিতে আহত হয়েছেন। তাদের সেবা নিশ্চিত করতে কক্সবাজার সদর হাসপাতালে খোলা হয়েছে স্পেশাল রোহিঙ্গা সার্জারি ইউনিট।
মিয়ানমারের রাখাইন রাজ্যে রাতের আঁধারে সামরিক বাহিনী রোহিঙ্গাদের বাড়ি, ফসল ও দোকানপাট পুড়িয়ে দিচ্ছে।
এতোদিন সেনাবাহিনীর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে থাকা রোহিঙ্গারাও পালিয়ে আসছেন বাংলাদেশে।
নিজেদের চোখের সামনে ঘর-বাড়ি পুড়ে যেতে দেখেছেন তারা আর সেনাবাহিনীর দেয়া আগুনে পুড়ে গেছেন অনেক রোহিঙ্গাও।
পালিয়ে আসা রোহিঙ্গাদের মধ্যে যারা গুলিতে আহত কিংবা আগুনে পুড়েছেন তারা এখন আছেন কক্সবাজারের সদর হাসপাতালের স্পেশাল রোহিঙ্গা সার্জারি ইউনিটে।
রাখাইনে সহিংসতার পর থেকে এ পর্যন্ত সদর হাসপাতালে ১৭৪ জন রোগী ভর্তি হয়েছেন।
এছাড়া উখিয়া, টেকনাফ এবং জেলার কয়েকটি বেসরকারি হাসপাতালে রোগীর সংখ্যা পাঁচশোরও বেশি। তাদের মধ্যে বেশির ভাগই গুলিবিদ্ধ।
গত ২৫ আগস্ট থেকে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।