নেপালের কাঠমাণ্ডুতে বিধ্বস্ত ইউএস-বাংলা এয়ারলাইন্সের উড়োজাহাজটির প্রধান বৈমানিক আবিদ সুলতানের শোকার্ত স্ত্রী আফসানা খানম আবারো স্টোক করেছেন।
গতকাল স্টোকের পর তাকে রাজধানীর শেরেবাংলা নগরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে ভর্তি করা হয়েছে। আজ- সোমবার সকালে আবারো তিনি স্টোক করেন।
ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক অধ্যাপক বদরুল আলম বলেন, তিনি এখন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) আছেন। ৭২ ঘণ্টা না গেলে কিছু বলা যাচ্ছে না— তার চিকিৎসায় একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।
হাসপাতালের তথ্য ডেস্কের কর্মকর্তা মো. শিহাব উদ্দিন জানান, আফসানা খানমের ব্রেইন স্ট্রোক হয়েছে। হাসপাতালে ভর্তির পর একটি মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে তার অপারেশন হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে আছেন।
গত সোমবার দুপুরে ঢাকা থেকে যাত্রা করা ইউএস-বাংলার ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফটটি কাঠমান্ডু ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় পাইলট নিয়ন্ত্রণ হারালে তা রানওয়ে থেকে ছিটকে পড়ে বিধ্বস্ত হয়। এতে চার ক্রুসহ উড়োজাহাজের ৭১ জন আরোহীর মধ্যে দুর্ঘটনাস্থলেই প্রাণ হারান ৪০ জন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও ৯ জন।
দুর্ঘটনায় নিহত ৫১ জনের মধ্যে ২৬ জনই বাংলাদেশি, যাদের মধ্যে পাইলট আবিদ সুলতানসহ বিমানের চার ক্রুও রয়েছেন।
পাইলট আবিদ সুলতান বাংলাদেশ বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট ছিলেন। বিমান বাহিনীতে মিগ-২১ চালানোর অভিজ্ঞতা ছিল তার। বিমান বাহিনী থেকে অবসর গ্রহণের পর ইউএস-বাংলা এয়ারলাইন্সে পাইলট হিসেবে যোগদান করেন তিনি।