চিকিৎসার জন্য বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে শনিবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল- বিএসএমইউতে স্বাস্থ্য পরীক্ষার পর আবার কারাগারে নেয়া হয়েছে।
সকাল সোয়া ১১টার দিকে কারাগার থেকে হাসপাতালের পথে তার গাড়িবহর রওনা হয়ে পৌঁছায় সাড়ে ১১টার দিকে। বেলা ২টার আগে আবার তাকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়।
রাজধানীর নাজিমুদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার ও আশপাশ এবং হাসপাতাল এলাকায় ব্যঅপক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়।
সকালে রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদ্রাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়।
সব ধরনের যান চলাচল শিথিল রয়েছে।
কারা কর্তৃপক্ষের অনুরোধে গত শনিবার খালেদা জিয়ার চিকিৎসায় ঢাকা মেডিকেল কলেজের অর্থোপেডিক বিভাগের প্রধান অধ্যাপক শামসুজ্জামান নেতৃত্বে চার সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়।
বোর্ডের অপর সদস্যরা হলেন— হাসপাতালের মেডিসিন বিভাগের ডা. টিটু মিয়া, নিউরোলজি বিভাগের ডা. মনসুর হাবীব ও ফিজিক্যাল মেডিসিন বিভাগের ডা. সোহেলী রহমান।
এই মেডিকেল বোর্ডের চার সদস্য গত রোববার দুপুরে ঢাকার নাজিমুদ্দীন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করেন।
পরে ডা. শামসুজ্জামান সাংবাদিকদের বলেন, বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসাসেবা দেয়া হয়েছে। তার শারীরিক অবস্থা খুব খারাপ নয় তবে কিছু সমস্যা পাওয়া গেছে।
এরপর এই মেডিকেল বোর্ডের সুপারিশের ভিত্তিতেই শনিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছে।
গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের কারাদণ্ড হওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা পুরান ঢাকার কেন্দ্রীয় কারাগারে রয়েছেন।