রাজধানীর মিরপুরের গ্যাস লাইন থেকে লাগা আগুনে সাত মাসের এক শিশুর মৃত্যু ও গুরুতর দগ্ধ হয়েছেন শিশুটির বাবা-মা।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা মিজানুর রহমান জানান, মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে মিরপুর ১১ নম্বর সেকশনের চার নম্বর রোডের পাঁচ তলা ওই বাড়ির নিচতলার একটি ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাড়ির কেয়ারটেকার মানিক মিয়া (৩৫) তার স্ত্রী মিনা আক্তার (২২) এবং তাদের সাত মাসের ছেলে তামিমকে নিয়ে নিচতলার ওই ঘরে থাকতেন।
অগ্নিকাণ্ডের ঘটনায় তামিমের মৃত্যু হয়েছে; তার বাবা ও মাকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে।
মিজানুর রহমান জানান, ওই বাড়িতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। আগুন নেভানোর পর তারা তিনজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. বাচ্চু মিয়া জানান, হাসপাতালে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশু তামিমকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে তিনি বলেন, মানিকের শরীরের ৯৫ শতাংশ এবং মিনার ৮০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের বার্ন ইউনিটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের মিরপুর স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন বলেন, গ্যাস লাইনে ত্রুটির কারণে ওই বাসার গ্যাস জমে গিয়েছিল এবং ওই অবস্থার মধ্যে সিগারেট ধরাতে গেলে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ে বলে ধারণা করছেন তারা।