বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শনিবার নেয়া হচ্ছে।
কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৩টায় খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হবে।
এরইমধ্যে কারাগারের সামনে ফায়ার সার্ভিসের একটি গাড়ি নিয়ে রাখা হয়েছে।
এদিকে, হাসপাতাল সূত্রে জানা গেছে,বিএনপি চেয়ারপারসনকে বিএসএমএমইউতে চিকিৎসার জন্য কেবিন ব্লকের একটি কেবিন তৈরি রাখা হয়েছে।
পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে খালেদা জিয়ার তিনটি লাগেজ ও হ্যান্ডবেগ নিয়ে যাওয়া হয়েছে। সকাল সাড়ে ১০টার দিকে এসব জিনিস নিয়ে যান বিএনপি চেয়ারপারসনের বাসার কেয়ারটেকার মাসুদ ও ড্রাইভার জলিল।
গতকাল রাতে লাগেজগুলো কারাগারে দিয়ে যাওয়া হয়। তবে লাগেজগুলো কোথায় নিয়ে যাওয়া হয়েছে সে বিষয়ে কোনো তথ্য মেলেনি।
জানা গেছে জেলসুপার ইকবাল কবির চৌধুরী বেলা ১১টার দিকে জেলখানার ভেতরে প্রবেশ করেন। এর কিছু সময় পরই কয়েকজন নারী কারারক্ষীকে কারাগারের ভেতরে প্রবেশ করতে দেখা যায়।
কারাগারের সামনে ফায়ার সার্ভিসের গাড়িখালেদাকে বিএসএমএমইউ-তে দ্রুত চিকিৎসা এবং ভর্তির জন্য ৫ সদস্যের মেডিকেল বোর্ড গঠনে হাইকোর্টের নির্দেশের কপি কারাগারে পৌঁছে।
গত ৮ ফেব্রুয়ারিতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় পাঁচ বছর কারাদণ্ডের পর থেকে পুরান ঢাকার পুরনো কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন খালেদা। এর মধ্যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলাসহ আরও বেশ ক’টি মামলায় তার বিচারকার্য চলছে। খালেদা জিয়া অসুস্থ দাবি করে বারবার বিএনপির পক্ষ থেকে তার বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দাবি করা হয়।