বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ ও হাসপাতালের ডাস্টবিন থেকে ৩১টি মানবভ্রুন উদ্ধারের ঘটনায় তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
কমিটির প্রধান করা হয়েছে অধ্যাপক জহিরুল ইসলাম মানিককে। কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
এ ঘটনায় হাসপাতালের গাইনি ওয়ার্ডের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স জোছনা আক্তারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আর গাইনি বিভাগের প্রধান অধ্যাপক খুরশিদ জাহানকে সাময়িক বরখাস্ত করার সুপারিশ করা হয়েছে।

বরিশালে ডাস্টবিনে ৩১টি মানব ভ্রূণ উদ্ধার
সোমবার রাতে পরিচ্ছন্নতাকর্মীরা হাসপাতালের পশ্চিম পাশে প্রধান পানির ট্যাংকের পাশে থাকা ডাস্টবিনের ময়লা অপসারন করতে যান। তারা ময়লার স্তুপের ভেতর প্লাস্টিকের বালতিতে অনেকগুলো ভ্রুন দেখতে পান। পরিচ্ছন্নতাকর্মীরা বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান।
চিকিৎসকরা জানিয়েছেন, কিছু পরিবার অপরিণত ভ্রুণ হাসপাতালে ফেলে যান। বিভিন্ন বয়সের এসব ভ্রুণ ফরমালিন দিয়ে হাসপাতালের গবেষণার জন্য সংরক্ষণ করা হয়। এগুলো মেডিকেলের শিক্ষা উপকরণ হিসেবে ব্যবহৃত হয়।
ডাস্টবিনে পাওয়া ভ্রুণগুলো উপকরণ হিসেবে আর ব্যবহারযোগ্য না থাকায় ফেলে দেয়ার সিদ্ধান্ত হয়। তবে সেগুলো মাটিচাপা না দিয়ে ডাস্টবিনে ফেলে দেয়া উচিত হয় নি বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ডাক্তার বাকির হোসেন।