পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার সার্বক্ষণিক খোঁজ নিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান।
বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
অর্থের অভাবে যেন চিকিৎসা সেবা ব্যাহত না হয় সে ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশনাও দিয়েছেন তিনি বলে দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী নির্দেশ চিকিৎসায় যেন কোনো গাফিলতি না হয়, সব ব্যয় সরকার বহন করবে।
তিনি আরো বলেন, আমি আমার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দগ্ধদের চিকিৎসার জন্য ২০ লাখ টাকা ডা. সামন্ত লাল সেনের কাছে দিয়ে গেলাম। প্রয়োজনে আরো টাকা দেয়া হবে।
এদিকে, বার্ন ইউনিটে চিকিৎসাধীন ৯ জনের অবস্থাই আশঙ্কাজনক। তাদের ৪ জনকে আইসিইউ এবং ৫ জনকে কেবিনে রাখা হয়েছে। এদের শরীরের ৬৫ থেকে ৭০ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডা. সামন্ত লাল সেন।
তিনি বলেন, দগ্ধ মোট ১৮জন বার্ন ইউনিটে এসেছিলো। এদের ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
পুরান ঢাকার চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখনো পর্যন্ত ৭৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ৬৬ জন পুরুষ ৫ জন শিশু ও ৭ জন নারী রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মৃত্যুর মিছিল।
বুধবার রাতে চকবাজারের একটি ভবন আগুন লাগলে সেটা দ্রুত আশেপাশের ভবনে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের চেষ্টায় ভোরের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
দগ্ধ অর্ধশতাধিকের বেশি মানুষ ঢাকা মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মরদেহ ঢাকা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।