সরকারি-বেসরকারি মেডিক্যাল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ১টায় মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের পুরাতন ভবনের সভাকক্ষে এই ফলাফল ঘোষণা করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।
এবারের পরীক্ষায় পাস করেছে ৭৯হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। পাসের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। সরকারি কলেজে ছেলে ১৮৮৫, মেয়ে ২৩৪৫ জন ভর্তি হতে পারবে। এবার মোট পাশের হার ৫৫ দশমিক ১৩ শতাংশ। গত বছরের মত এবারও প্রথম হয়েছেন এক ছাত্রী। ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে প্রথম হয়েছে সুমাইয়া মোসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছেন।
যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাঁদের মোবাইল ফোনে খুদেবার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘এ বছর ১ লাখ ৩৯ হাজার ৭৪২ জন শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাশ করেন ৭৯ হাজার ৩৩৭ জন। শতকরায় যা ৫৫ দশমিক ১৩ শতাংশ।’
জাহিদ মালেক বলেন, ‘এবারের পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষায় কোন অনিয়ম পাওয়া যায়নি। আগামী ৭-১২ এপ্রিল পর্যন্ত রিভিউয়ের (পুনর্মূল্যায়ন) আবেদন করতে পারবে।’
এর আগে গত ১ এপ্রিল দেশের ১৯টি কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে ২০২১-২২ শিক্ষাবর্ষের মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে অংশ ১ লাখ ৪৩ হাজার ৯১৫ জন শিক্ষার্থী আবেদন করলেও পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩৯ হাজার ৮৭৫ জন শিক্ষার্থী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব মো. সাইফুল হাসান বাদল, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) সভাপতি অধ্যাপক ডা. মাহমুদ হাসান।