স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে মঙ্গলবার (১৯ জুলাই) দেশব্যাপী পালিত হয়েছে বুস্টার ডোজ দিবস। দিবসে ৫৬ লাখের বেশি মানুষ বুস্টার ডোজ নিয়েছে। এদিন ৭৫ লাখ মানুষকে বুস্টার ডোজ দেওয়ার লক্ষ্যমাত্রা ছিল।
এ নিয়ে সারা দেশে মঙ্গলবার (১৯ জুলাই) পর্যন্ত বুস্টার ডোজ পেয়েছেন তিন কোটি ৬১ লাখেরও বেশি মানুষ। মঙ্গলবার দ্বিতীয় ডোজের টিকা পেয়েছেন ২ লাখ ২৪ হাজার মানুষ।
স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন শাখার (এমআইএস) পরিচালক ও লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শাহাদাত হোসেনের সই করা করোনার টিকাদানবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে এ পর্যন্ত টিকার প্রথম ডোজ পেয়েছেন ১২ কোটি ৯৫ লাখ ৮৬ হাজার ৭২১ জন। দুই ডোজ পেয়েছেন ১২ কোটি ১ লাখ ৫ হাজার ৪২৩ জন মানুষ। আর বুস্টার ডোজ পেয়েছেন তিন কোটি ৬১ লাখ ৯০ হাজার ৮১৫ জন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, মঙ্গলবার (১৯ জুলাই) সারা দেশে প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ৪৯ হাজার ৯৯৪ জনকে, দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ২ লাখ ২৪ হাজার ৮৪৫ জনকে। এছাড়া, বুস্টার ডোজ পেয়েছেন ৫৬ লাখ ৩৭ হাজার ৩ জন। তাদের অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার, মডার্না ও জনসন অ্যান্ড জনসনের টিকা দেওয়া হয়েছে।