পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মিডিয়া অ্যাওয়ার্ড ২০২২ পেয়েছেন অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের নিজস্ব প্রতিবেদক তানভীরুল ইসলাম। বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপন উপলক্ষে ‘পরিবার পরিকল্পনা মিডিয়া অ্যাওয়ার্ড-২০২২" এর প্রিন্ট/অনলাইন মিডিয়া (বাংলা) ক্যাটাগরিতে তাকে এই পুরস্কার প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) বেলা ১১টায় অধিদপ্তরের সভাকক্ষে আইইএম ইউনিট আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
দুই সন্তানেই ‘ফুলস্টপ’ দিচ্ছেন ৭৯ শতাংশ মা- শীর্ষক প্রতিবেদনের জন্য তানভীরুল ইসলামকে এই সম্মাননা পুরস্কার দেয়া হয়।
তানভীরুল ইসলামের জন্ম ১৯৯৩ সালের ২১ অক্টোবর। ময়মনসিংহ জেলার নান্দাইল উপজেলার ধুরুয়া এলাকার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে তার জন্ম হয়। পারিবারিক জীবনে স্ত্রী, বাবা-মাসহ তিন ভাই রয়েছে তার। বাবা শিক্ষক।
জন্ম ময়মনসিংহের নান্দাইল হলেও বাবার চাকরির সুবাদে বেড়ে উঠার পুরো সময় কেটেছে কিশোরগঞ্জে। ঐতিহ্যবাহী সরকারি গুরুদয়াল কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি। কর্মজীবনে ঢাকা পোস্ট ছাড়াও একুশে টেলিভিশনসহ বিভিন্ন গণমাধ্যমে কাজ করেছেন।
এছাড়া বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সর্বমোট ৪ জন সংবাদকর্মীকে এই পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন- দৈনিক আমার সংবাদের মাহমুদুল হাসান, বাংলাদেশ টেলিভিশনের দিনার সুলতানা, সময় টেলিভিশনের মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, এটিএন বাংলার মো. শারফুল আলম, দ্য ডেইলি সানের নীলফামারী প্রতিনিধি রাজিব হোসেন রাজু ও দৈনিক সাতমাথা পত্রিকার বার্তা সম্পাদক এফ শাহজাহান।