আসাম ও ত্রিপুরায় ভোটগ্রহণের মধ্য দিয়েই ভারতের ১৬তম লোকসভা নির্বাচন শুরু হয়েছে। ৯ ধাপের এ নির্বাচনের প্রথম ধাপে ভোট হচ্ছে আসামের ৫টি ও ত্রিপুরায় একটি আসনে। লোকসভার ৫৪৩ আসনে ৯ ধাপে এ ভোট চলবে আগামী ১২ মে পর্যন্ত। আর ফলাফল ঘোষণা হবে ১৬ মে।
এদিকে, সর্বাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে প্রথম ধাপের ভোটের দিন নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে রাম মন্দিরের মতো বিতর্কিত ইস্যুকে বাতিল করেনি দলটি।
আগামীতে ভারত শাসন করবে কে? বিজেপি, কংগ্রেস, না তৃতীয় কোন শক্তি—এ সকল প্রশ্নের জবাব জানা যাবে আগামী ১৬ মে। তবে এরইমধ্যে শুরু হয়েছে এর প্রথম পর্বের পরীক্ষা অর্থাৎ ভোটগ্রহণ। সোমবার আসাম ও ত্রিপুরায় ভোট গ্রহণের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশটির ১৬তম লোকসভা নির্বাচন।
সকাল থেকে আসামের বিভিন্ন ভোটকেন্দ্রের বাইরে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। তেজপুর, কোলিয়াবোর, জোড়াহাট, ডিব্রুগড় ও লাখিমপুর আসনে আজ ভোট হচ্ছে। বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ আসন থাকায় নেওয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। যদিও এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
আসামের এসব আসনে প্রতিদ্বন্দিতা করছেন ক্ষমতাসীন কংগ্রেস, বিজেপি, তৃণমূল কংগ্রেস, আম আদমি পার্টি, সিপিআইসহ কয়েকটি দলের মোট ৫১ জন প্রার্থী। আগামী ১২ এপ্রিল ভোট হবে এই রাজ্যের ৩টি আসনে।
এদিকে, ত্রিপুরা রাজ্যে লোকসভার আসন মাত্র ২টি। এর মধ্যে ভোট হচ্ছে পশ্চিম ত্রিপুরা আসনে। এখানে মোট প্রার্থী ১৩ জন। তবে মূললড়াই হবে কংগ্রেস ও সিপিআইএমের মধ্য। এই রাজ্যের অন্য আসনটিতে ভোট হবে ১২ এপ্রিল।
এরইমধ্যে প্রথম দফার ভোটের দিনই সব্যাত্মক উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। তবে রাম মন্দিরের মতো বিতর্কিত ইস্যুর ব্যাপারে দলটি বলছে, সাংবিধানিক কাঠামোর মধ্যেই এই মন্দির প্রতিষ্ঠা করা হবে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: