ভারতের আম আদমি পার্টির (এএপি) প্রধান ও দিল্লির সাবেক মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল থাপড় খেলেন। মঙ্গলবার দিল্লিতে নির্বাচনী প্রচারের সময় তার ওপর হামলা চালানো হয়।
এনডিটিভি সূত্র মতে, উত্তর-পশ্চিম দিল্লির সুলতানপুরিতে অটোরিকশার এক চালক কেজরিওয়ালকে থাপড় মারেন। এ নিয়ে মাত্র ৪ দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় হামলার শিকার হলেন দিল্লির সাবেক এ মুখ্যমন্ত্রী।
ঘটনার পর টুইটারে এ প্রতিক্রিয়ায় কেজরিওয়াল লিখেছেন, আমাকে সময় ও স্থান বলো, আমি সেখানে যাব। যতো চাও আমাকে মারো। তবে তাতে কী দেশের সমস্যার সমাধান হবে?
জানা গেছে, সন্দেহভাজন হামলাকারীর নাম লালি। তিনি একজন অটোরিকশার চালক। কেজরিওয়ালের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনেছেন ওই ব্যক্তি। ঘটনার পর এএপির কর্মীদের মারধরে অটোরিকশাচালক আহত হন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
গত ডিসেম্বরে দিল্লি বিধানসভার নির্বাচনের আগে হাজার হাজার অটোচালক কেজরিওয়ারের পক্ষে প্রচার চালিয়েছিলেন।
ওই নির্বাচনে অভূতপূর্ব সাফল্য পেয়ে দিল্লির মুখ্যমন্ত্রী হন কেজরিওয়াল। ক্ষমতায় থাকার ৪৯ দিন পর পদত্যাগ করেন তিনি।