দক্ষিণ কোরিয়ায় ডুবে যাওয়া ফেরিটির নাবিকদের মধ্যে আতঙ্ক এবং দ্বিধা-দ্বন্দ্ব কাজ করছিল। ফেরির নিখোঁজ যাত্রীদের খোঁজে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
সোমবার সকালে এক প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফেরিটির ক্রুদের সঙ্গে কোস্টগার্ডদের সর্বশেষ কথোপকথনের প্রকাশিত অনুলিপি থেকে এ তথ্য বেরিয়ে এসেছে।
রেকর্ডকৃত সেই কথোপকথনে দেখা যাচ্ছে, যাত্রীদের লাইফ জ্যাকেট পরানোর জন্য তিনবার কর্তৃপক্ষ থেকে নির্দেশ দেয়া হয়েছিল, তবে একজন নাবিক বারবার জানতে চাচ্ছিলেন, ফেরি ত্যাগ করার নির্দেশ দেয়া হলে আশেপাশে উদ্ধার করার মতো কোন জাহাজ আছে কিনা।
ফেরির ক্যাপ্টেন জানিয়েছেন, ফেরি খালি করার কথা বলার পর যাত্রীরা জলে ভেসে যেতে পারে— এই ভয়ে তিনি দেরি করেছিলেন।
এদিকে, রোববার ডুবে যাওয়া ফেরিটি থেকে আরো ২৬টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে গত বুধবার সকালে ফেরি ডুবির এ ঘটনায় এখন পর্যন্ত মোট ৫৮টি মৃতদেহ উদ্ধার করা হলো।
এ ঘটনায় ১৭৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ আছে ২৪৪ জন যাত্রী। নিখোঁজ যাত্রীদের মধ্যে অধিকাংশই স্কুলশিক্ষার্থী এবং তাদের শিক্ষক।
২০০টি জাহাজ, ৩৪টি উড়োজাহাজ এবং ৬০০ জন ডুবুরি দিয়ে চলছে উদ্ধার অভিযান। কিন্তু তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। গত বুধবার ফেরিটি ডুবে যায়। সূত্র বিবিসি।