যেকোনো নাগরিকের মতোই দেশটির মুসলিম ভাইদের কাছে পৌঁছাবেন বলে জানিয়েছেন ভারতে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী নরেন্দ্র মোদি।
একইসঙ্গে সাংবিধানিক কাঠামো মেনেই রাম মন্দির এবং ইউনিফর্ম সিভিল কোডের মতো বিতর্কিত ইস্যুগুলো নিষ্পত্তির করা হবে বলে জানান।
মঙ্গলবার দেশটির এবিপি নিউজ চ্যানেলে দেয়া সাক্ষাতকারে মোদি বলেন, সকল ভারতীয়ই সমান আর তাই সমাজের সকল স্তরের জনগণের কাছে পৌঁছানো তার কর্তব্য।
গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে রাজ্যের ছয় কোটি মানুষের সঙ্গে সু-সম্পর্ক রয়েছে উল্লেখ করে মোদি বলেন, তিনি এখন দেশের একশো ২৫ কোটি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন।
এদিকে, অন্যান্য বিষয়ে অনৈক্য থাকলেও দেশে কোনো মোদি হাওয়া বইছে না বলে মনে করেন বিহারের চিরপ্রতিদ্বন্দ্বী- নীতিশ কুমার এবং লালু যাদব।
জনমত জরিপের ফলাফলকে উড়িয়ে দিয়ে বর্তমান মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বলেন, বেশির ভাগ জরিপই টাকা দিয়ে করা এবং প্রতিটা জরিপই আগের জরিপের দ্বারা প্রভাবিত।
এছাড়া রাষ্ট্রীয় জনতা দলের প্রধান লালু যাদব বলেন, মোদির জনসভায় যেসব মানুষ আসছেন তারা কৌতুহল থেকেই আসছেন।