বাংলাদেশের নির্বাচন ও অভ্যন্তরীণ কোনো বিষয়ে তার দেশে হস্তক্ষেপ করবে না বলে জানিয়েছেন রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার এ নিকোলায়েভ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাব আয়োজিত ডিক্যাব টক অনুষ্ঠানে রাশিয়ার রাষ্ট্রদূত এসব কথা বলেন।
নিকোলায়েভ বলেন, শুধু রাশিয়া নয় বাংলাদেশের বিষয়ে ভারত এবং চীনেরও একই অবস্থান রয়েছে। বাংলাদেশে কবে কখন নির্বাচন হবে এটি বাংলাদেশের মানুষ এবং রাজনৈতিক পক্ষই নির্ধারণ করবে।
তিনি আরো বলেন, পশ্চিমা দেশগুলো বাণিজ্যিক ঈর্ষার কারণেই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপনে বিরোধিতা করেছে। তবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র অনেক বেশি ঝুঁকিমুক্ত ও নিরাপদ হবে।
এটি কোনো রাজনৈতিক সমস্যা নয়—এ কথা উল্লেখ করে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, উন্নয়নের কথা বলতে গেলে বিদ্যুৎ লাগবেই। এখনও বাংলাদেশে অনেক বিদ্যুৎ ঘাটতি রয়েছে। এটি সমাধানের জন্য রাজনৈতিকভাবে সবাইকে অবশ্যই ঐকমত্যে আসতে হবে।
নিকোলায়েভ বলেন, বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারাও রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বিষয়টি সম্পর্কে অবগত আছেন। তাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে আওয়ামী লীগ ও বিএনপি কোনো সমস্যা নয়।
এ সময় ডিক্যাবের সভাপতি মাইনুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আঙ্গুর নাহার মন্টি বক্তব্য রাখেন।