যুক্তরাজ্য প্রবাসী সুনামগঞ্জের নিখোঁজ বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিবকে ‘হত্যার’ হুমকি দিয়ে লেখা একটি চিরকুট তার লন্ডনের বাসার সামনে পাওয়া গেছে।
শুক্রবার মুজিবের লন্ডনের বাসার সদস্যদের উদ্বৃত করে তার বেয়াই সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরুল হুদা মুকুট সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেল ৬টার দিকে লন্ডনের ইলফুড শহরে মজিুবর রহমানের বাসার দরজার সামনের লেটার বক্সের পাশে কে বা কারা বাংলায় হাতে লেখা একটি চিরকুট রেখে যায়।
নূরুল হুদা জানান, ওই চিরকুটে লেখা রয়েছে—নিখোঁজ বিএনপি নেতা মুজিবকে দুটি সিএনজিতে করে উঠিয়ে নিয়ে সিলেট ‘টাউন’-এ আটকে রাখা হয়েছে। তাকে সিলেট শহর থেকে বের করে নিয়ে যাওয়ার সুযোগ পাওয়া যাচ্ছে না। ২/১ দিনের মধ্যে তাকে হত্যা করাও হতে পারে।
নুরুল হুদা মুকুট আরো বলেন, তার জামাতা নিখোঁজ মুজিবের ছেলে ও পরিবারের সদস্যরা লন্ডনে বাংলাদেশ হাইকমিশন, ইলফুড এলাকার সাংসদ এবং লন্ডন পুলিশকে বিষয়টি জানিয়ে তাকে দ্রুত খুঁজে বের করতে সহায়তা চেয়েছেন। ২/১ দিনের মধ্যে মুজিবের পরিবারের সদস্যরা দেশে ফিরবেন বলেও জানান তিনি।
সুনামগঞ্জের পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ শুক্রবার দুপুরে জানান, চিরকুটের তথ্যের ভিত্তিতে সিলেট মহানগর পুলিশ বৃহস্পতিবার রাত থেকে সিলেটের প্রত্যেকটি পথ ও সন্দেহজনক এলাকা নজরদারিতে রেখেছে।
উল্লেখ, দেশব্যাপী গুম-হত্যার প্রতিবাদে গত ৪ মে সুনামগঞ্জে দলীয় কর্মসূচি শেষে সিলেটে ফেরার পথে নিজের গাড়িচালকসহ নিখোঁজ হন যুক্তরাজ্য প্রবাসী বিএনপি নেতা মুজিবুর রহমান মুজিব। যুক্তরাজ্য যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতি মুজিব বর্তমানে সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য। তিনি যুক্তরাজ্য বিএনপিরও সহ-সভাপতি।
নিখোঁজের ঘটনায় মঙ্গলবার মুজিবুর রহমানের পরিবারের পক্ষ থেকে সুনামগঞ্জ সদর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। সূত্র: সমকাল