ভারতের প্রধানমন্ত্রী হিসেবে আগামী ২৬ মে শপথ নেবেন বিজেপি নেতা নরেন্দ্র মোদি। মঙ্গলবার বিজেপি সভাপতি রাজনাথ সিং সাংবাদিকদের একথা জানিয়েছেন বলে জানায় বার্তাসংস্থা এএফপি।
বার্তাসংস্থায় আরো জানানো হয়, একইদিন ভারতের নতুন সরকারও গঠন করবেন মোদি।
এর আগে বিজেপি সূত্র জানিয়েছিলো, আগামী ২৪ মে নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ওইদিন হিন্দু পঞ্জিকামতে একাদশী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী শপথ গ্রহণ অনুষ্ঠানের কর্মসূচি চূড়ান্ত করতে সোমবারই মোদির সঙ্গে দেখা করেন।
জানা গেছে, প্রথমে নরেন্দ্র মোদির সঙ্গে ছয়-সাতজন শীর্ষ স্তরের নেতা কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে শপথ নেবেন। পরে আগামী ৩ বা ৪ জুন মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার বিস্তার করে অবশিষ্ট মন্ত্রীদের নেবেন।
এবার লোকসভা নির্বাচনের প্রচারে মোদির স্লোগান ছিল ‘সুশাসন- সরকারি নিয়ন্ত্রণ কম’। এ কারণে তার মন্ত্রিসভায় আপাতত ২০ জনের বেশি স্থান পাবে না।
ভারতের পার্লামেন্টে প্রবেশ করার সময় আজ তাকে অভিনন্দন জানান ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নবনির্বাচিত এমপিরা।