থাইল্যান্ডে বৃহস্পতিবার টেলিভিশনে দেয়া এক ভাষণে ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছে দেশটির সেনাবাহিনী। সরকারবিরোধী বিভিন্ন দলের সঙ্গে বৈঠকের পর সেনাপ্রধান এ ঘোষণা দেন।
ভাষণে দেশটির সেনাপ্রধান জেনারেল প্রায়ুথ চান-ওছা বলেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষা ও রাজনৈতিক পুনর্গঠনে কাজ করবে।
তিনি আরো বলেন, দেশের স্বাভাবিক অবস্থা ও শান্তি ফিরিয়ে আনতে এবং রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক অবকাঠামো বিনির্মাণের স্বার্থে সেনাবাহিনী ক্ষমতা দখলে বাধ্য।
এ ঘোষণার আগে সেনা সদস্যরা সরকারবিরোধী নেতা সুথেপ থউগসুবানকে গ্রেপ্তার করে।
এদিকে, বুধবার দেশটিতে সামরিক আইন জারি করে সেনাবাহিনী। বিদ্যমান অস্থিতিশীল পরিস্থিতিতে সহিংসতা ঠেকাতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে।
তবে কোনো ধরনের অভ্যুত্থানের সম্ভাবনাকে তখন নাকচ করে দিয়েছিল সেনাবাহিনী। সূত্র: বিবিসি