সৌদি আরবে আসবাবপত্রের কারখানায় আগুনে নিহত ৯ বাংলাদেশির মধ্যে ৬ জনের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মরদেহগুলো বাড়িতে পোঁছালে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। শনিবার সকালে মরদেহগুলোর দাফন সম্পন্ন হয়েছে। এদিকে, পরিবারের সম্মতিতে বাকি তিন জনের মরদেহ বাংলাদেশে না এনে মক্কা শরীফেই দাফন করা হয়েছে।
সৌদি আরবের রিয়াদে ১৩ মে আসবাবপত্রের কারখানায় আগুনে পুড়ে ৯ জন বাংলাদেশি মারা যান। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব খন্দকার শওকত হোসেন শুক্রবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে ৬ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করেন।
রাতে কুমিল্লার হোমনা, তিতাস ও মেঘনা উপজেলায় মতিউর, জালাল, সেলিম ও শাহ আলমের মরদেহ বাড়িতে পৌঁছায়। এ সময় স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। এদিকে, মাদারীপুরের শিবচরে নিজ বাড়িতে ফিরেছেন নিথর আক্কাস। সন্তানের মরদেহ দেখে কান্নায় ভেঙে পড়েন বৃদ্ধা মা। মূর্ছা যাচ্ছিলেন স্ত্রী ও সন্তানেরাও।
নোয়াখালীর সেনবাগে শনিবার সকালে জাকির হোসেনের মরদেহ গিয়ে পৌঁছায়। মরদেহ দাফনে প্রত্যেক পরিবারকে ৩৫ হাজার টাকা দেওয়া হয়েছে। আরো সাহায্যের আশ্বাস দিয়েছে প্রশাসন।
এদিকে, পরিবারের আপত্তি থাকায় বাকি তিন জনের মরদেহে বাংলাদেশে না এনে মক্কা শরীফেই দাফন করা হয়েছে।