ইসরাইলি তিন কিশোরের মরদেহ পাওয়ার পর দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাসকে এর চড়া মূল্য দিতে হবে। ওই তিন কিশোরকে অপহরণ ও হত্যার জন্য হামাসকে দায়ী করেছে ইসরাইল।
ইসরাইলী কিশোর নাফতালি ফ্রাংকেল, গিলাদ সার ও ইয়েল ইফ্রাকের মরদেহ সোমবার সন্ধ্যায় ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলের পশ্চিম তীরের একটি মাঠে পাওয়া যায়। ওই তিন কিশোর ১৫ দিনেরও বেশি সময় ধরে নিখোঁজ ছিল। তাদেরকে পশ্চিম তীরের হেবরনের কাছে শেষবারের মত দেখা গিয়েছিল।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, এ ঘটনার জন্য হামাস দায়ী এবং হামাসকে এর চড়া মূল্য দিতে হবে। তবে ফিলিস্তিনি এ সংগঠন ঘটনার সঙ্গে কোনো ধরনের সংশ্লিষ্ঠতার কথা অস্বীকার করেছে।
নেতানিয়াহু নিরাপত্তা কেবিনেটের জরুরি অধিবেশনের শুরুতে মন্ত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘সন্ধ্যায় তিনটি লাশ পাওয়া গেছে এবং লক্ষণ দেখে মনে হচ্ছে, এগুলো আমাদের অপহৃত তিন কিশোরের লাশ।’
তিনি বলেন, মানুষরূপী পশুরা ঠাণ্ডা মাথায় তাদের অপহরণের পর হত্যা করেছে।
এদিকে, ইসরাইল রাতে গাজা উপত্যকায় ৩০ বারেরও বেশ বিমান হামলা চালিয়েছে। ইসরাইলী সামরিক বাহিনী জানায়, গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে গত রোববার থেকে ১৮ বার রকেট হামলার প্রতিবাদে এ গোলাবর্ষণ করা হয়েছে।
ইসরাইল ফিলিস্তিনের হলহাল শহরের উপকণ্ঠে বিপুল সৈন্য মোতায়েন করেছে। শহরের কাছে একটি গর্ত থেকে লাশগুলো উদ্ধার করা হয়।
ইসরাইলি সেনাবাহিনী সন্দেহভাজন হিসেবে আইয়ুব আল-কাওয়াসমা ও আবু আইশেষের নাম উল্লেখ করেছে।
সামরিক বাহিনী জানায়, তাদের বাড়িতে অভিযান চালানোর সময় তারা বিস্ফোরণ ঘটায়।
এদিকে, পশ্চিম তীরের জেনিন শহরে মঙ্গলবার ভোরে ইসরাইলী বাহিনী অভিযান চালায়। এ সময় তাদের ওপর বিস্ফোরক নিক্ষেপ করা হয়। এরপর এক ফিলিস্তিনি গুলিতে নিহত হন।
হামাস জানিয়েছে, ইসরাইল অপহরণ গল্প সাজিয়ে ফিলিস্তিনের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়ার পাঁয়তারা করছে।
হামাস মুখপাত্র সামি আবু জুহরি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ইসরাইল অভিযান বা যুদ্ধ শুরু করলে তারা নিজেরাই তাদের জন্য দোজখের দরজা খুলবে।
অপরদিকে ইসরাইলী তিন কিশোরের মৃত্যুতে আন্তর্জাতিক অঙ্গনে নিন্দার ঝড় উঠেছে। ইসরাইলের নিরাপত্তা বাহিনী হলহাল শহরের চারপাশ বন্ধ করে দিয়েছে।
ইসরাইলের অর্থমন্ত্রী নাফতালি বেনেট তার ফেসবুক পেজে লিখেছেন, হত্যাকারীদের কোনো ক্ষমা নেই। এখন কথা বলার সময় নয়, অ্যাকশনে যেতে হবে।
সোমবার রাতে গাজা থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপ করা হয়। জবাবে ইসরাইল গাজা উপত্যকায় জঙ্গি স্থাপনায় বিমান হামলা চালায়।
গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গাজার কেন্দ্রস্থলে একটি পুলিশ স্টেশনে বিমান হামলার সময় কমপক্ষে ৪ জন আহত হয়েছে।
ইসরাইলের উপ-প্রতিরক্ষা মন্ত্রী ড্যান ডানন বলেন, হামাসকে অবশ্যই মূল্য দিতে হবে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস নেতৃবৃন্দকে এক জরুরি বৈঠকে ডেকেছেন। তার মুখপাত্র আব্দুল্লাহ আব্দুল্লাহ তিন কিশোরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমরা এই অংশে এমন একটি ভূখণ্ড গড়তে চেয়েছিলাম যেখানে ফিলিস্তিন কিংবা ইসরাইলের কোনো মা বা পরিবার তাদের প্রিয়জনের হারানোর বেদনায় মুহ্যমান না হয়।