ভারত-বাংলাদেশ সমুদ্রসীমা নির্ধারণের নেদারল্যান্ডসের আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় অধ্যায়ন করা হচ্ছে—জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন।
গতকাল রায় প্রকাশের পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
আকবরউদ্দিন বলেন, আন্তর্জাতিক ট্রাইব্যুনালের রায় আমরা এখন ও অধ্যায়ন করছি পরে বিস্তারিত প্রতিক্রিয়া দেয়া হবে।
সৈয়দ আকবরউদ্দিন বলেন, দীর্ঘদিনের পুরনো এ সমস্যার সুষ্ঠু মীমাংসা হওয়ায় ভারত ও বাংলাদেশের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও শুভ উদ্যোগের প্রসার ঘটবে। বঙ্গোপসাগরের ওই এলাকায় এরপরে আর্থিক উন্নয়নমূলক কর্মযজ্ঞ শুরু হবে। এতে উভয় দেশই লাভবান হবে।
ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ রায় নিয়ে কোনো মন্তব্য করেননি। লোকসভায় অধিবেশন চালু থাকায় তিনি এ রায় নিয়ে সেখানেই প্রতিক্রিয়া জানানো কথা রয়েছে।
বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম হিন্দু পত্রিকায় সাক্ষাৎকারে বলেন, আগামী তিন-চার মাসের মধ্যে ভারত স্থলসীমান্ত চুক্তি সংসদে অনুমোদন করবে।
সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে মুখপাত্র বলেন, পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ ঢাকা সফরে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন, বিলটি এখন সংসদে বিবেচনাধীন। আপাতত সংসদের যৌথ সংসদীয় কমিটি বিলটি বিশ্লেষণ করছে। নতুন সংসদে কিছুদিনের মধ্যেই সংসদীয় কমিটি গঠিত হবে। এরপরই এ বিষয়ে সিদ্ধান্ত হবে।