ফিলিস্তিনের হামাস নিয়ন্ত্রিত গাজা উপত্যকায় নতুন করে ইসরায়েলের বিমান হামলায় কমপক্ষে ১৩ জন নিহত হয়েছে। এ নিয়ে গত ৫ দিনের সহিংসতায় নিহতের সংখ্যা ১২১ জনে দাঁড়িয়েছে।
বিবিসি সূত্র মতে, শনিবার সকাল থেকেই গাজার মসজিদ ও হামাস নেতাদের বাড়ি লক্ষ্য করে বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, গাজার বিয়েত লাহিয়া এলাকায় একটি দাতব্য সংস্থার কার্যালয়ে হামলায় দুজন এবং শহরের পশ্চিমে আরেক হামলায় ৩ জন নিহত হয়েছেন। এছাড়া জাবেলিয়া ও দিয়ার আল বালাহ এলাকায় নিহত হয়েছেন আরো ৮ জন।
এদিকে, গাজায় হামলা বন্ধে যেকোন আন্তর্জাতিক চাপ প্রতিহত করবে বলে জানিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু। আরো বলেছেন, গাজা রকেট হামলা বন্ধ না করলে ইসরায়েল আকাশ পথে হামলা বাড়াবে।
অপরদিকে, ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হতে পারে বলে হুঁশিয়ার করেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার নাভি পিল্লাই।