ব্রিটেনে মন্ত্রিসভায় পুনর্গঠনের অংশ হিসেবে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর উইলিয়াম হেগ।
আইএএনএসের খবরে বলা হয়েছে, সোমবার রাতে নিজের টুইটারে এক বার্তায় আগামী সাধারণ নির্বাচনে আর প্রার্থী না হওয়ারও ঘোষণা দিয়েছেন ২৬ বছর পার্লামেন্ট সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসা রক্ষণশীল দলের এ নেতা। তবে পদত্যাগের পরও হেগ থাকছেন মন্ত্রিসভায়।
বিবিসিতে এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন আজ মঙ্গলবার তার মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ঘোষণা করবেন। মন্ত্রিসভার জ্যেষ্ঠ সদস্যদের ধারনা হেগের স্থলাভিষিক্ত হচ্ছেন দেশটির বর্তমান প্রতিরক্ষামন্ত্রী ফিলিপ হ্যামন্ড।
পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়ে দেয়ার পর হেগ হাউস অব কমন্সের নেতা হিসেবে দায়িত্ব পালন করবেন বলে জানা যায়। ২০১৫ সালের সাধারণ নির্বাচন পর্যন্ত তিনি বহাল থাকবেন এই দায়িত্বে। দলের জন্য নির্বাচনি কাজ করবেন তিনি। এরপর রাজনীতিকে বিদায় জানিয়ে হেগ ফিরে যাবেন লেখালেখির কাজে বলেও জানা যায়।
এদিকে, হেগের পদত্যাগের খবর বিস্মিত করেছে অনেককেই। কারণ মধ্যপ্রাচ্য, ইউক্রেনসহ আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে যুক্তরাজ্যের প্রতিনিধি হিসেবে কাজ করার সুবাদে তিনি হয়ে উঠেছিলেন আলোচিত মুখ।