রুশপন্থী বিদ্রোহীদের বাঁধার মুখে ইউক্রেনের পূর্বাঞ্চলে মালয়েশীয় বিমানের ধ্বংসাবশেষ নিরীক্ষণ করতে পারেনি আন্তর্জাতিক তদন্ত দলের সদস্যরা।
বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাটিতে বিমানের ধ্বংসাবশেষ পর্যবেক্ষণ করতে শুক্রবার ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা বিষয়ক সংস্থা-ওএসসিই'র ২৫ সদস্যের একটি দল পরিদর্শনে যায়। ঘটনাস্থলে পূর্ণ সহযোগিতা পাবে বলে আশা করেছিল তারা।
তবে সংস্থাটির একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্ত দলটি পর্যবেক্ষণে গেলে একদল সশস্ত্র বিদ্রোহীর বাধার মুখে পড়েন। এ সময় তারা ফাঁকা গুলি ছুড়তে থাকে। প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে ফিরে আসে দলটি। ধ্বংসাবশেষ ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় দুই কিলোমিটার এলাকার অল্প কিছু অংশ দেখার সুযোগ পেয়েছেন তারা।
বৃহস্পতিবার মালয়েশিয়ান ফ্লাইট এমএইচ-ওয়ান সেভেন ক্ষেপনাস্ত্রের আঘাতে বিধ্বস্ত হলে ২৯৮ আরোহীর সবাই মারা যান।