গাজায় সহিংসতা বন্ধের জন্য দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে জাতিসংঘ। গতকাল রোববার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকের পর এ আহ্বান জানানো হয়।
জাতিসংঘ মহাসচিব বান কি-মুন গাজায় ইসরায়েলের হামলাকে 'নৃশংসতা' বলে আখ্যায়িত করার পরপরই এ বৈঠক ডাকা হয়।
ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস পরিস্থিতি 'অসহনীয়' হয়ে উঠছে উল্লেখ করে ইসরায়েলের এ হামলাকে 'মানবতাবিরোধী অপরাধ' হিসেবে আখ্যায়িত করেছেন।
ফিলিস্তিনের প্রেসিডেন্টের কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল কাতারের রাজধানী দোহায় দ্রুত যুদ্ধবিরতির লক্ষ্যে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে জরুরি এক বৈঠক করেছেন তিনি। বান কি-মুনের সঙ্গে মাহমুদ আব্বাসের করমর্দনরত একটি ছবিও প্রকাশ করা হয়েছে। গাজায় ১৩ দিন ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত কমপক্ষে ৪২০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
এদিকে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি গাজায় পূর্ণ যুদ্ধবিরতি কার্যকর কিভাবে তা নিয়ে মিসরের শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করতে আজ সোমবার কায়রো পৌঁছবেন।
বিশ্ব জুড়ে সমালোচনার মুখেও নিজ অবস্থানে অটল ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তিনি আবারো স্পষ্টভাবে বলে দিয়েছেন, 'যতদিন প্রয়োজন হবে ততদিন এ হামলা চলবে।
অন্যদিকে হামাসের মুখপাত্র সামি আবু জাহরি বলেছেন, বেসামরিক মানুষ হত্যা করে ইসরায়েল 'যুদ্ধাপরাধ' করছে।
দুই সপ্তাহ ধরে চলমান ইসরায়েলি আগ্রাসনে গতকাল গাজায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদিন কমপক্ষে ১০০ ফিলিস্তিনি ছাড়াও নিহত হয়েছেন ১৩ জন ইসরায়েলি সেনা। বিবিসি, রয়টার্স, এএফপি।