গাজা উপত্যকায় ইসরায়েলের প্রায় একতরফা বর্বর হামলা বৃহস্পতিবার ১৭তম দিনে ৭১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
আল জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার স্বাধীন তদন্তের পক্ষে ভোট দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল। গতকাল বুধবার জেনেভায় এ ভোটাভুটি হয়।
কাউন্সিলের ৪৭ সদস্যের মধ্যে ২৯ সদস্য তদন্তের পক্ষে ভোট দেয়। অনেক ইউরোপীয় রাষ্ট্রসহ ১৭ সদস্য ভোট দেয়া থেকে বিরত থাকে। তদন্তের বিপক্ষে ভোট দেওয়া একমাত্র দেশ যুক্তরাষ্ট্র।
এর আগে, জাতিসংঘের শীর্ষ মানবাধিকার কর্মকর্তা নাভি পিল্লাই বলেন, ইসরায়েল ফিলিস্তিনির গাজায় যে হামলা চালাচ্ছে, তাতে দেশটি যুদ্ধাপরাধ করে থাকতে পারে।
এদিকে, ভোরে ইসরায়েলি ট্যাংকের হামলায় ১৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের ছয়জন সদস্য রয়েছে। গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত আহত হয়েছে তিন সহস্রাধিক ব্যক্তি। হতাহত ব্যক্তিদের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে।
ইসরায়েলের চলমান হামলার প্রেক্ষাপটে এক লাখের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ।
ইসরায়েলের দাবি, গতকাল তাদের তিন জন সেনা নিহত হয়েছে। এ নিয়ে ইসরায়েলের ৩২ জন সেনা এবং তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে আন্তর্জাতিক তত্পরতা অব্যাহত আছে।
মিসরের এক কর্মকর্তা বলেছেন, ঈদ উপলক্ষে মানবিক কারণে সপ্তাহান্তে যুদ্ধবিরতি কার্যকর হতে পারে।
মানবিক কারণে যুদ্ধবিরতির প্রতি সমর্থন জানিয়েছেন, হামাস নেতা খালেদ মিশেল। যুদ্ধবিরতির আগে গাজায় ইসরায়েলের অবরোধ তুলে নিতে হবে।