ফিটনেস শংকার কারণে কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন দুইবার অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের মো. ফারাহ। বৃহস্পতিবার ইংল্যান্ড কমনওয়েলথ দল এ কথা জানিয়েছে।
৫ ও ১০ হাজার মিটার দৌড়ে অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পয়ন এ এ্যাথলেট সম্প্রতি কিছুটা স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলেন এবং আগামী মাসে জুরিখে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের আগে নিজের ফিটনেস নিয়ে কাজ করার লক্ষ্যে গ্লাসগো গেমস থেকে নাম প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।
ইংল্যান্ড দলের দেয়া এক বিবৃতিতে ৩১ বছর বয়সী ফারাহ বলেন, তিনি কমনওয়েলথ গেমস থেকে নাম প্রত্যাহারের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন।
সত্যিই তিনি অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশীপের সঙ্গে কমনওয়েলথ শিরোপা যোগ করতে চেয়েছিলেন। তবে, এটা এত তাড়াতাড়ি চলে এসেছে যে তার শরীর এখনো দৌরের জন্য প্রস্তুত নয়। গ্লাসগোতে তার সতীর্থ এ্যাথলেটদের জন্য শুভ কামনা করছেন তিনি।
ফ্রান্সের দক্ষিনাঞ্চল ফ্রন্ট রোমেউতে কমনওয়েলথ গেমসের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন ফারাহ এবং আগামী ১২ আগস্ট শুরু হওয়া ইউরোপিয়ান চ্যাম্পিয়নশীপের আগ পর্যন্ত তিনি এখানেই প্রস্তুতি নেবেন বলে জানিয়েছেন।
তিনি আরো বলেন, দুই সপ্তাহ আগে অসুস্থ হয়ে পড়াটা ছিল তার জন্য বড় ধাক্কা। সূত্র: বাসস