ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে জেলায় ভূমিধসে কমপক্ষে ১০ জন মারা গেছেন। বুধবার পুনের মালিন গ্রামে এ ঘটনা ঘটে।
ভূমিধসে ১৭০ জনেরও বেশি মানুষ মাটিচাপা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কমপক্ষে ৪০টি বাড়ি চাপা পড়েছে।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ সকালে পুনে জেলার মালিন গ্রামে ভয়াবহ এ ভূমিধসের ঘটনা ঘটে। এখনো পর্যন্ত ১০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। জেলা প্রশাসন আশঙ্কা করছে, মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।
জেলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিধসের ঘটনায় কমপক্ষে ৪০টি বাড়ি চাপা পড়েছে। পুনে সিটি করপোরেশনের উদ্ধারকারী দলের সঙ্গে জাতীয় দুর্যোগ মোকাবেলা বাহিনীর (এনডিআরএফ) দুটি দল উদ্ধার তৎপরতায় অংশ নিয়েছে। এদের পাশাপাশি খেদ, জুনার ও আমবেগাঁও থেকেও স্থানীয় উদ্ধারকারী দলগুলোকে উদ্ধার অভিযানে অংশ নিতে বলা হয়েছে বলেও জানান কর্তৃপক্ষ।
এছাড়া নিকটবর্তী সরকারি হাসপাতাল থেকে চিকিৎসকদের একটি দল এবং ২৫টি অ্যাম্বুলেন্স দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে বলেও জেলা কর্তৃপক্ষ জানিয়েছে।
মালিন গ্রামটি দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এবং গত দুদিন ধরেই সেখানে ভারি বৃষ্টি হচ্ছিল।