গাজার রাফা শহরে চালানো ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩০ জন মারা গেছেন। আহত হয়েছেন দেড়শতাধিক। শুক্রবার থেকে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘণ্টা পরই আবারো গাজায় হামলা চালিয়েছে ইসরায়েল। রাফা শহরে আজকের হামলায় হতাহতের সরিয়ে নিচ্ছেন উদ্ধারকর্মীরা- এএফপি
হামলার কথা স্বীকার করে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, হামাস যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ করেছে। তাই আবার গাজায় অভিযান শুরুর সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েল।
সেনাবাহিনীর দাবি, হামাসের রকেট হামলার জবাবেই রাফা শহরে আজকের হামলা চালানো হয়েছে। গাজাবাসীকে আপাতত ঘর থেকে বের না হতে নির্দেশ দিয়েছে তারা।
গাজায় প্রায় এক মাস ধরে চলা ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ১,৪২২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছে আরো কয়েক হাজার। হতাহতের মধ্যে অধিকাংশই বেসামরিক নাগরিক। লড়াইয়ে এখন পর্যন্ত মোট ৫৮ জন ইসরায়েলি নিহত হয়েছেন।
এদিকে, শুক্রবার ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি চলাকালে আরো লম্বা সময়ের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে ইসরায়েল ও হামাসকে রাজি করাতে মিসরের রাজধানী কায়রোতে একটি বিশেষ আলোচনার আয়োজন করা হয়েছে।
আলোচনায় যোগ দিতে লড়াইরত দুই পক্ষের প্রতিনিধিরা এরইমধ্যে কায়রো পৌঁছেছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, যুদ্ধবিরতির ওই সময়টিতে হামাস ও ইসরায়েল প্রতিনিধিরা কায়রোতে আলোচনার টেবিলে বসবেন। কীভাবে একটি দীর্ঘ মেয়াদি সমঝোতায় পৌঁছানো যায় আলোচনায় এ বিষয় নিয়ে দুই পক্ষ কথা বলবেন।
প্রায় তিন সপ্তাহের বেশি সময় ধরে হামাস নিয়ন্ত্রিত গাজায় ইসরায়েল হামলার পরিপ্রেক্ষিতে আলোচনার মাধ্যমে শান্তি স্থাপনে জাতিসংঘসহ বিভিন্ন মহল থেকে প্রস্তাব দেয়া হলেও কোনো পক্ষই তাতে সাড়া দেয়নি।
অব্যাহত প্রস্তাবের মধ্যে গত কয়েকদিনে কয়েক ঘণ্টার জন্য অস্ত্রবিরতিতে গেলেও প্রতিবারই প্রতিশ্রুতি ভেঙে যুদ্ধে জড়িয়েছে ইসরায়েল ও হামাস।
দুই পক্ষ সম্মত হওয়ার পর যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও জাতিসংঘ মহাসচিব বান কি-মুন শুক্রবার এক যৌথ বিবৃতিতে অস্ত্রবিরতির কথা জানান।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুর কার্যালয়ের একজন কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আহ্বানে অস্ত্রবিরতিতে যেতে রাজি হয়েছেন প্রধানমন্ত্রী। সায় মিলেছে হামাসের পক্ষ থেকেও। কেরি ও বানের যৌথ বিবৃতিতে যুদ্ধবিরতি চলাকালে দুই পক্ষকে মানবিক কারণে প্রতিশ্রুতি রক্ষা করার আহ্বানও জানিয়েছেন।
কিন্তু যুদ্ধবিরতি ভেঙে নতুন করে শুরু হওয়া হামলায় আলোচনা কতোটা ফলপ্রসু হবে তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সূত্র: এএফপি, বিবিসি, রয়টার্স