চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ৬.১ মাত্রার ভূমিকম্পে কমপক্ষে দেড়শ মানুষ নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টায় ইউনান প্রদেশের উনপিং শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এ ভূমিকম্প হয়।
চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে রয়টার্স জানায়, ভূমিকম্পে বহু ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। প্রথম দিকে ২৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেলেও মৃতের সংখ্যা বেড়ে ১৫০ জনে দাঁড়িয়েছে। এছাড়া অন্তত ৭৯ জন আহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা প্রাথমিকভাবে নিশ্চিত করেছেন।
ইউএসজিএস জানায়, ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার অভ্যন্তরে ভূমিকম্পটির উৎপত্তি। এর আগে ১৯৭০ সালে একই এলাকায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে ১৫ হাজার মানুষ নিহত হয়েছিল।
তবে চীনের রাষ্ট্রনিয়ন্ত্রিত বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬.৫।