ফিলিস্তিনের গাজা উপত্যকায় স্কুলে ইসরায়েলি হামলাকে 'ঘোরতর অনৈতিক ও অপরাধমূলক কর্মকাণ্ড' হিসেবে আখ্যায়িত করেছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন। সোমবার বিবিসি সূত্রে জানা গেছে, জাতিসংঘ পরিচালিত স্কুলটিতে রোববার ইসরায়েলি হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়।
হামলার পর বান কি মুন বলেন, এ ঘটনা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জেন সাকি বলেন, এই ন্যাক্কারজনক হামলায় যুক্তরাষ্ট্র হতবাক।
এদিকে, গাজায় ৭ ঘণ্টার জন্যে একটি যুদ্ধবিরতি ঘোষণা করেছে ইসরায়েল। সোমবার স্থানীয় সময় সকাল ১০টা থেকে এই যুদ্ধবিরতি শুরু হওয়ার কথা।
'মানবিক প্রয়োজনের' কথা উল্লেখ করে ইসরায়েল ৭ ঘণ্টার এই যুদ্ধবিরতির ঘোষণা দিলেও দেশটির একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা বলেছেন, গাজার দক্ষিণাঞ্চলীয় এলাকা রাফার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে না।
এছাড়া যুদ্ধবিরতি চলাকালে ইসরায়েল যদি কোনো ধরনের হামলার মুখোমুখি হয়, তাহলে তার পাল্টা জবাব দেয়া হবে বলেও ওই কর্মকর্তা জানান।
হামাস গাজা থেকে ইসরায়েলের ওপর রকেট হামলা চালাচ্ছে- এমন অভিযোগ এনে গত ৮ জুলাই থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরবর্তীতে বিমান হামলার সঙ্গে যুক্ত হয় স্থল অভিযানও।
গাজার স্বাস্থ্যকর্মীরা জানিয়েছেন, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলা শুরুর পর এ পর্যন্ত ১ হাজার ৭৫০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশির ভাগই নারী ও শিশুসহ বেসামরিক নাগরিক।
গাজার পরিস্থিতি সম্পর্কে সেখানে নিয়োজিত জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান সমন্বয়ক জেমস রাউলে বলেন, 'গাজায় আমাদের চোখের সামনেই মানবিক আর স্বাস্থ্যগত বিপর্যয় দেখছি আমরা। এখানে এখন নিরাপদ জায়গা বলে কিছু নেই।' তিনি বলেন, হাজার হাজার মানুষ তাদের বাড়িঘর থেকে পালিয়ে আত্মীয়দের বাসায় আশ্রয় নিয়েছেন। সেখান থেকে পালিয়ে শরণার্থী শিবিরে এসেছিলেন। কিন্তু তাদেরও এখন আর যাওয়ার কোনো জায়গা নেই।
এদিকে একটি যুদ্ধবিরতিতে উপনীত হওয়ার লক্ষ্যে মিসরের রাজধানী কায়রোতে যে আলোচনার আয়োজন করা হয়েছে, তাতে যোগ দিতে ফিলিস্তিনিদের একটি প্রতিনিধিদল সেখানে গেছে। তবে ইসরায়েল বলেছে, তারা কোনো প্রতিনিধি পাঠাবে না।
এই আলোচনায় মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম বার্নসের যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু তিনি শেষ অবধি কায়রো যাচ্ছেন না বলে জানানো হয়েছে। ফলে এই আলোচনা থেকে অর্থপূর্ণ কিছু অর্জন করা যাবে না বলেই সন্দেহ করছেন সংশ্লিষ্টরা।