পাকিস্তানে নওয়াজ শরিফের নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের নেতা ইমরান খান।
সোমবার টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, সরকারের পদত্যাগের দাবিতে পথে নামা গতকাল রোববার অসহযোগ আন্দোলনের এ ঘোষণা দেন ইমরান খান।
প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্য ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন পাকিস্তান আওয়ামী তেহরিকের (পিএটি) নেতা তাহির উল-কাদরি। তিনি ও তার সমর্থকেরা রাজধানীর খায়াবান-ই-সোহরাওয়ার্দীতে অবস্থান নিয়েছেন।
রাজধানী ইসলামাবাদের আবপারা চকে অবস্থান নেওয়া হাজারো নেতা-কর্মীর উদ্দেশে দেয়া বক্তৃতায় ইমরান বলেন, ‘আমার জন্য নয়, আপনাদের জন্য আমি এই জন-অসহযোগ ডেকেছি। আমরা ট্যাক্স, বিদ্যুৎ ও গ্যাস বিল দেব না।’
নওয়াজকে ইঙ্গিত করে পিটিআইপ্রধান বলেন, ‘এ ব্যবসায়ীদের হাতে, যারা কেবল নিজেদের জন্য অর্থ বানাতে চায়, পাকিস্তানের ভবিষ্যৎ অন্ধকার।’
দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেও রোববার পিটিআই ও পিএটির সমর্থকেরা তাদের কর্মসূচি অব্যাহত রেখেছেন।
সার্বিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী নওয়াজের কৌশল সম্পর্কে তার দল পাকিস্তান মুসলিম লিগের (পিএমএল-এন) একজন নেতা বলেন, আজ সকাল পর্যন্ত পরিস্থিতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
ইমরানের ‘আজাদি মার্চ’ গতকাল চতুর্থ দিনে পড়েছে। গত বৃহস্পতিবার লাহোর থেকে যাত্রা শুরু করে শুক্রবার রাতে রাজধানীতে পৌঁছার পর আজাদি মার্চ অবস্থান নেয় আবপারা চকে। একই রাতে সেখানে পৌঁছে পিএটির ‘ইনকিলাব মার্চ’।
দুই নেতা পৃথকভাবে সরকার পতনের দাবিতে কর্মসূচি ঘোষণা করেন। তারা সরকারের প্রতি অনাস্থা প্রকাশ করতে রাজধানীতে ১০ লাখ মানুষের সমাগম ঘটানোর অঙ্গীকার করেছেন।