পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ কিশোরের নিহত হবার ঘটনায় ক্ষোভে ফুঁসছে যুক্তরাষ্ট্রের ফার্গুসনের শহরতলির বাসিন্দারা। এরইমধ্যে পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যাচ্ছেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার।
তবে একে ব্যক্তিগত সফরকে বলে উল্লেখ করেছেন তিনি। স্থানীয় সময় বুধবার নিহত কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত গোয়েন্দা সংস্থা এফবিআই ও কৌঁসুলীদের সঙ্গে দেখা করবেন মার্কিন এটর্নি জেনারেল।
এর আগে, ফার্গুসনের ক্ষুব্দ বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, নিহত কিশোরের ঘটনায় সবার অনুভূতি তিনি বুঝতে পারছেন। তবে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের ওপর হামলা, দোকান লুট কিংবা পিস্তল নিয়ে চলাফেরা করায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফার্গুসনের শহরতলিতে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে বেশ কয়েকজন বিক্ষোভকারীকে।