যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের ফার্গুসনে পুলিশের গুলিতে আরো এক কৃষ্ণাঙ্গ নিহত হয়েছে। এতে ১১ দিন ধরে চলমান বিক্ষোভ দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফার্গুসনের শহরতলিতে অবস্থানরত বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস ও চেতনানাশক স্টান গ্রেনেড ছুড়েছে পুলিশ।
এদিকে, পরিস্থিতি পর্যবেক্ষণে সেখানে যাচ্ছেন মার্কিন এটর্নি জেনারেল এরিক হোল্ডার। স্থানীয় সময় বুধবার নিহত কৃষ্ণাঙ্গ কিশোরের হত্যাকাণ্ডের তদন্তে নিয়োজিত গোয়েন্দা সংস্থা এফবিআই ও কৌঁসুলীদের সঙ্গে দেখা করবেন তিনি।
এর আগে ফার্গুসনের ক্ষুব্ধ বাসিন্দাদের শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, নিহত কিশোরের ঘটনায় সবার অনুভূতি তিনি বুঝতে পারছেন।
তবে প্রতিবাদ জানাতে গিয়ে পুলিশের ওপর হামলা, দোকান লুট কিংবা পিস্তল নিয়ে চলাফেরা করায় ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট।