ইউক্রেন থেকে রুশ সেনা প্রত্যাহার করে নিতে মস্কোকে এক সপ্তাহ সময় বেধে দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। তা না হলে রাশিয়ার বিরুদ্ধে আরো কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ইউরোপিয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হারম্যান ভান রম্পুয়।
পশ্চিমা নেতারা বলছেন, এটা স্পষ্ট যে ইউক্রেনে রাশিয়ার সেনারা ভারি অস্ত্র দিয়ে হামলা অব্যাহত রেখেছে। সেখানে চলমান সহিংসতা নিয়ে বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ইইউ নেতাদের বৈঠক শেষে ভান রম্পুয় বলেন, সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিতে প্রস্তুত রয়েছে ইইউ।
রাশিয়ার বিরুদ্ধে কি ধরনের অবরোধ আরোপ করা হবে তা স্পষ্ট না করলেও শিগগিরই পদক্ষেপ নেয়া হবে বলে জানান তিনি।
এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো বলেন, তারা রাশিয়ার সঙ্গে পুরোপুরি যুদ্ধে লিপ্ত হয়েছে যেখান থেকে আর ফিরে আসা যাবে না।
এদিকে, বিচ্ছিন্নতাবাদীদের সহায়তা করতে রুশ সেনা অবৈধভাবে ইউক্রেনে প্রবেশ করেছে— পশ্চিমাদের এমন অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া।