আল কায়েদা নেতা আইমান আল-জাওয়াহিরি আন্তর্জাতিক জঙ্গি সংগঠনটির ভারতীয় শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন। এর মধ্য দিয়ে এ উপমহাদেশে ইসলামিক শাসনের প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখা হবে। বুধবার এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি।
এছাড়া, আল-কায়েদার নিশানায় আছে বাংলাদেশ ও মিয়ানমারের নামও। এদিকে, জাওয়াহিরির এ ঘোষণার পর ভারতের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
সম্প্রতি মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়া সীমান্তের বেশ কিছু এলাকা জুড়ে মাথা চাড়া দিয়ে উঠেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। পাশাপাশি সংগঠনটি খিলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেয়ায় সমর্থন পেয়েছে বিশ্বের ধর্মীয় উগ্রপন্থী তরুণদের কাছ থেকেও।
এ প্রেক্ষাপটে অনেকটা নাটকীয়ভাবে এবার ভারতে নিজেদের শাখা প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন আরেক আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়েদার শীর্ষ নেতা আইমান আল-জাওয়াহিরি।
তিনি বলেন, এ পদক্ষেপ ভারতীয় উপমহাদেশে ইসলামি শাসনের প্রসার ও জিহাদের পতাকা সমুন্নত রাখবে।
ওই বার্তায় জাওয়াহিরি বলেন, এ উপমহাদেশে আল-কায়েদার শাখা গঠনের ঘোষণা বাংলাদেশ, মিয়ানমার, ভারতের আসাম, গুজরাট, আহমেদাবাদ, জম্মু ও কাশ্মীরের মুসলমানদের জন্য এক আনন্দের সংবাদ।
আন্তর্জাতিক জঙ্গিআ সংগঠনটির নেতা আরো বলেন, আল কায়েদার নতুন এই শাখা অন্যায় ও অবিচার থেকে মুসলমানদের রক্ষা করবে। এমন কী এ অঞ্চলে মুসলমান জনগোষ্ঠীকে বিভক্তকারী কৃত্রিম সীমান্ত ভেঙে দেবে তাদের নবগঠিত এ শাখা।
এদিকে, জাওয়াহিরির এ ঘোষণার পর ভারতের বেশ কয়েকটি রাজ্যে সতর্কতা জারি করেছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।