ভারতীয় উপমহাদেশে আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার শাখা প্রতিষ্ঠার ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ভারতের জামাতে ইসলামসহ প্রধান মুসলিম সংগঠনগুলো।
সর্বভারতীয় মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাত জানিয়েছে, দক্ষিণ এশিয়ার মুসলমানরা বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে তাদের বিষয়ে এ ধরনের কোনো অনাধিকার চর্চা আশা করে না।
তবে আল কায়েদার ভিডিও বার্তাটি সত্য হলে স্বাভাবিকভাবেই ভারতসহ মুসলমানরা তাদের বিরুদ্ধে লড়বে বলে জানিয়েছে জামাতে ইসলাম। এদিকে, দেশটির গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে, সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার পক্ষে ভারতে নিজেরদেরকে প্রতিষ্ঠিত করা সহজ হবে না।
আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল কায়েদার বুধবার এক ভিডিও বার্তায় 'ভারতীয় উপমহাদেশে কায়েদাত আল-জিহাদ' নামে শাখা প্রতিষ্ঠার ঘোষণাকে প্রত্যাখ্যান করে ভারতের প্রধান মুসলিম সংগঠনগুলো। তারা এটিকে অপপ্রচার উল্লেখ করে এর নিন্দা জানিয়েছে তারা।
জামাতের রাজনৈতিক সচিব মোহাম্মেদ আহমেদ বলেন, আল কায়েদার ভিডিও বার্তাটি সত্য হলে স্বাভাবিকভাবেই ভারত তাদের বিরুদ্ধে লড়বে। পাশাপাশি ভারতীয় মুসলমানরা রুখে দাঁড়াবে। তবে বামপন্থী হিন্দু ও উগ্রবাদী নকশালদের ব্যাপারেও তারা সমানভাবে উদ্বিগ্ন বলে জানান তিনি।
আর সর্ব ভারতীয় মুসলিম মজলিশ-ই-মুশাওয়ারাতের সভাপতি জাফরুল ইসলাম খান বলেন, দক্ষিণ এশিয়ার মুসলমানরা বিদেশি সন্ত্রাসবাদী সংগঠনের কাছ থেকে তাদের বিষয়ে এ ধরনের কোনো অনাধিকার চর্চা আশা করে না।
ইসলামিক সেমিনার দারুল উলুম দেওবান্দ আল কায়েদার এ তৎপরতার নিন্দা জানিয়ে বলেছে, ইসলাম অসহিংস এবং মুসলমানরা কখনোই সন্ত্রাসীদের এ ধরনে ইসলামবিরোধী অপপ্রচারে কান দেবে না।
এদিকে, সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার পক্ষে ভারতে নিজেরকে প্রতিষ্ঠিত করা সহজ হবে না বলে জানিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থাগুলো।