ইসলামিক স্টেটের জঙ্গিদের বিরুদ্ধে পদক্ষেপের ব্যাপারে সমর্থন আদায়ে মধ্যপ্রাচ্য সফর শুরু করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। সফরের প্রথম দিন বুধবার ইরাকের নতুন প্রধানমন্ত্রী হায়দার আল আদাবির সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।
আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ন্যাটোকে সহায়তা করতে ইরাকি পার্লামেন্ট একটি সর্বদলীয় সরকার অনুমোদনের ৪৮ ঘণ্টারও কম সময়ের মধ্যে এ সফরে যান কেরি।
ইরাক থেকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে সফর করবেন তিনি। সফরে আইএসের বিরুদ্ধে লড়াইয়ে কেরি ব্যাপক সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক সমর্থন পাবেন বলে আশা করা হচ্ছে।
এদিকে, বুধবার সন্ধ্যার দিকে আইএসকে মোকাবিলা পরিকল্পনার রূপরেখা ঘোষণা করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।
গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে তিনি বলেন, কংগ্রেসের অনুমোদন ছাড়াই আইএসের বিরুদ্ধে পদক্ষেপ নেয়ার ক্ষমতা তার আছে। সাম্প্রতিক মাসগুলোতে ইরাক ও সিরিয়ার বিশাল এলাকার নিয়ন্ত্রণ নিয়ে 'খেলাফত' ঘোষণা করেছে ইসলামপন্থী জঙ্গিরা।