জিম্মি হিসেবে আটক জাতিসংঘের ৪৫ শান্তিরক্ষীকে মুক্তি দেয়ার কথা জানিয়েছে সিরিয়ায় আল-কায়েদার সঙ্গে সম্পর্কিত আল-নুসরা ফ্রন্ট।
এসব শান্তিরক্ষীর সকলেই ফিজির নাগরিক। ইসরাইল অধিকৃত গোলান মালভূমির সীমান্ত অতিক্রম করার সময় তাদের প্রথমে আটক ও পরে জিম্মি করা হয়।
গ্রুপটির মিডিয়া শাখার মাধ্যমে বুধবার রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় তারা জানায়, এ ব্যাপারে তারা ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। তারা উপদেশ দিয়েছেন যে, ‘আমাদের উচিত হবে এসব জিম্মিদের মুক্তি দেয়া।’
এসব শান্তিরক্ষীকে ছেড়ে দেয়ার বিনিময়ে আল-নুসরা সিরীয় সরকার অধিকৃত বিভিন্ন এলাকায় ত্রাণ সরবরাহ, বন্দিদের মুক্তি এবং জাতিসংঘের কালো তালিকা থেকে এ সংগঠনের নাম বাদ দেয়াসহ বিভিন্ন দাবি জানিয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে ফিজির এক শান্তিরক্ষী ওই ভিডিও ফুটেজে বলেন, নুসরা গ্রুপ এসব সৈন্যকে মুক্তি দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
ওই সদস্য আরো জানান, সৈন্যরা সকলেই ভাল ও নিরাপদে রয়েছে। আমাদের সকলকে ভাল ও নিরাপদ রাখার জন্য আল-নুসরাকে ধন্যবাদ।