ইয়েমেনের প্রেসিডেন্ট শিয়া বিদ্রোহীদের চলমান বিক্ষোভ বন্ধের বিনিময়ে ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রী নিয়োগের প্রস্তাব দিয়েছেন। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চুক্তি সম্পাদিত হয়।
প্রেসিডেন্টের ঘনিষ্ঠ এক সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে বিদ্রোহীদের তরফ থেকে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়নি।
ইয়েমেনে শিয়া বিদ্রেহীদের চলমান আন্দোলন এবং বিদ্রোহীদের ওপর সরকারের কঠোর দমন-পীড়ন দেশটিতে অস্থিরতা ডেকে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর এএফপির।
সূত্র আরো জানায়, ‘বুধবার রাতে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতা হয়েছে। এই সমঝোতার আওতায় ৪৮ ঘণ্টার মধ্যে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হবে।’
চলতি মাসের গোড়ার দিকে প্রেসিডেন্ট আবদ্রাবুহ মানসুর হাদি নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার প্রতিশ্রুতি দেন। তবে হুতি বিদ্রোহীরা তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।
বিদ্রোহীদের সঙ্গে পরামর্শের পর নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণার দাবি জানায় তারা। গত রাতের সমঝোতায় এ ব্যাপারে উভয়পক্ষ সম্মত হয়েছে কিনা তা এখনো নিশ্চিত করে জানা যায়নি।
প্রেসিডেন্ট কার্যালয়ের সূত্র জানায়, চুক্তির আওতায় বিদ্রোহীরা রাজধানী সানা ও আশপাশের এলাকা থেকে বিক্ষোভকারীদের সরিয়ে নেবে এবং তাদের সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রত্যাহার করবে।
প্রেসিডেন্টের এক ঘনিষ্ঠ সূত্র জানায়, ইয়েমেনে জাতিসংঘের দূত জামাল বেনোমার বৃহস্পতিবার ভোরে সানা পৌঁছেছেন।