যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে রায় দিয়েছেন স্কটল্যান্ডের জনগণ। স্বাধীনতার প্রশ্নে গণভোটে ৫৫% ‘না’ ভোট, আর ৪৫% ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন স্কটিশরা।
৩২টি কাউন্সিলের মধ্যে ৩১টির ফলাফল ঘোষণা করা হয়েছে। ২৭টি কাউন্সিলের জনগণ যুক্তরাজ্যের সঙ্গে থাকার পক্ষে ভোট দিয়েছেন। রাজধানী এডিনবরা ও এবার্ডিনে স্বাধীনতার বিপক্ষে ভোট পড়েছে। আর স্বাধীনতার পক্ষে ‘হ্যাঁ’ ভোটে জয়ী হয়েছে ৪টি কাউন্সিল।
স্কটল্যান্ডের সবচেয়ে বড় শহর ও বৃটেনের ৩য় বৃহত্তম শহর গ্লাসগোর জনগণ স্বাধীনতার পক্ষে রায় দিয়েছে। এছাড়া ডান্ডি, ওয়েস্ট ডানবার্টোনশায়ার এবং নর্থ ল্যাঙ্কারশায়ারের জনগণও ‘হ্যাঁ’ ভোট দিয়েছে।
এদিকে, স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার অ্যালেস্ক স্যামনড পরাজয় স্বীকার করে স্কটল্যান্ডের জনগণের প্রতি এই গণরায় মেনে নেয়ার আহ্বান জানিয়েছেন। স্কটল্যান্ডে স্বাধীনতার প্রশ্নে বৃহস্পতিবারের গণভোটে ৮৪% ভোট পড়ে।