আন্তর্জাতিক

সিরিয়ায় আইএস দমনে যুক্তরাষ্ট্রের বিমান হামলা শুরু

আইএস দমনে বিমান হামলা
আইএস দমনে বিমান হামলা

সুন্নি মতাবলম্বী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী ইসলামিক স্টেটকে (আইএস) দমনে সিরিয়ায় বিমান হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র।

এ হামলায় যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশও অংশ নিয়েছে— জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের বরাত দিয়ে বিবিসি অনলাইনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পেন্টাগনের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল জন কিরবি জানিয়েছেন, এ হামলায় জঙ্গি ও বোমারু বিমান এবং টমাহক মিসাইল ব্যবহার করা হচ্ছে।

আইএসকে দমন ও ধ্বংসে প্রেসিডেন্ট বারাক ওবামা যে শপথ নিয়েছেন তারই অংশ হিসেবে এ বিমান হামলা চালানো হচ্ছে বলে জানান তিনি।

সোমবার এক বিবৃতিতে পেন্টাগনের প্রেস সচিব রিয়ার অ্যাডমিরাল জন কিরবি বলেন, ‘আমি আপনাদের নিশ্চিত করতে পারি যে, মার্কিন সেনাবাহিনী ও মিত্র দেশের বাহিনীগুলো সিরিয়ার ভিতরে ইসলামিক স্টেটের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নিচ্ছে।’

জঙ্গি ও বোমারু বিমান থেকে হামলা চালানোর পাশাপাশি আইএসের স্থাপনায় টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে বলে জানান তিনি।

বিবৃতিতে কিরবি বলেন, ‘অভিযান চলছে। এ মুহূর্তে আর কিছু বলার মতো অবস্থায় আমরা নেই।’

নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা বলেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্ডান ও বাহরাইনও অভিযানে অংশ নিয়েছে। তবে এসব দেশ অভিযানে কী ভূমিকা রাখছে তা এখনো স্পষ্ট নয়।

বিমান হামলায় কাতার সহযোগিতা করছে বলে ওই কর্মকর্তা জানান।

অন্য এক কর্মকর্তা জানান, অন্তত একটি মার্কিন জাহাজ থেকে টমাহক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। অভিযানে মার্কিন ড্রোনও ব্যবহার করা হয়।

হামলার লক্ষ্যবস্তুর মধ্যে সিরিয়ার রাজধানী দামেস্কের আড়াইশ মাইল উত্তরপূর্বের রাক্কা শহরে আইএসের সদরদপ্তরও রয়েছে।

সিরিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে বলা হয়েছে, রাক্কায় ইসলামিক স্টেটের উপর হামলা হতে পারে বলে সোমবার রাতে সিরিয়ার জাতিসংঘ প্রতিনিধিকে জানিয়েছে যুক্তরাষ্ট্র।

সিরিয়া ও ইরাকের সীমান্তবর্তী একটি বড় এলাকা দখলে নিয়ে সেখানে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে আইএস। ইরাকের বেসামরিক নাগরিকদের ওপর মানবতাবিরোধী অপরাধ করার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

এরইমধ্যে তাদের হাতে বন্দী দুই মার্কিন সাংবাদিক ও এক ব্রিটিশ ত্রাণকর্মীর শিরশ্ছেদ করেছে আইএস।

এ জঙ্গি গোষ্ঠীকে দমাতে এর আগে ইরাকে বিমান হামলা চালায় যুক্তরাষ্ট্র। আইএসকে দমাতে ইরাক সরকার যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ চাওয়ার পরিপ্রেক্ষিতে ওই হামলা হয়। তবে সিরিয়ার ক্ষেত্রে তেমনটি হয়নি।

আইএস জঙ্গিদের বিরুদ্ধে লড়াইয়ে সিরিয়া সরকারের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে সহায়তার প্রস্তাব দিলেও ওয়াশিংটনের পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়।

সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বিরুদ্ধে বহু বেসামরিক নাগরিককে হত্যার অভিযোগ করে আসছে যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা। সে কারণ দেখিয়ে বাশার সরকারের সঙ্গে সমঝোতার ভিত্তিতে কোনো অভিযানে যাওয়ার বিষয়টি নাকচ করা হয়।

এদিকে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া সিরিয়ায় কোনো ধরনের সামরিক ব্যবস্থা নিলে তা ‘আগ্রাসন’ হিসেবে বিবেচিত হবে বলে প্রেসিডেন্ট বাশারের ঘনিষ্ঠ মিত্র দেশ রাশিয়ার পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ার করা হয়।

চলতি মাসের শুরুর দিকে আইএসবিরোধী অভিযানের রূপরেখা তুলে ধরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হয়ে ওঠা কোনো গ্রুপ স্বর্গরাজ্য পাবে না।’

তার এই বক্তব্যের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘সিরিয়া সরকারের আইনগত অনুমোদন না নিয়েই সেখানে আইএসের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সশস্ত্র বাহিনীর হামলার সম্ভাব্যতা সম্পর্কে সরাসরি কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।

‘জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত ছাড়া এ পদক্ষেপ এক ধরনের আগ্রাসন এবং আন্তর্জাতিক আইনের বড় ধরনের লঙ্ঘন।’

সিরিয়ার অনুমতি ছাড়া সেখানে কোনো ধরনের সামরিক পদক্ষেপ ‘হামলা’ বলেই গণ্য হবে বলে সিরিয়া সরকারের পক্ষ থেকেও বলা হয়ে আসছে।

গত আগস্ট মাস থেকে এ পর্যন্ত ইরাকে ১৯০টি বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। তবে সোমবার জঙ্গিদের দমনে ইরাকের প্রতিবেশী সিরিয়ায় প্রথমবারের মতো বিমান হামলা চালানো হয়।

দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ইমরান খানকে সংসদ সদস্য পদের অযোগ্য ঘোষণা

কংগ্রেসের নতুন সভাপতি মল্লিকার্জুন খাড়গে

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে পুলিশ কর্মকর্তাসহ পাঁচজন নিহত

ঘুষ নেওয়ার দায়ে সু চির আরও ৩ বছরের কারাদণ্ড

আয়ারল্যান্ডের পেট্রোল স্টেশনে বিস্ফোরণ, নিহত ১০

থাইল্যান্ডে শিশু দিবাযত্নকেন্দ্রে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৩৮

নজিরবিহীন ধাক্কার কবলে পড়ছে দক্ষিণ এশিয়া : বিশ্বব্যাংক

থাইল্যান্ডে দিবাযন্ত্র কেন্দ্রে বন্দুকধারীর গুলিতে নিহত ৩৪

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ