তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে সমাজের অগ্রগতিতে অবদানের জন্য পাবলিক সেক্টর অ্যাক্সিলেন্স ক্যাটাগরিতে গ্লোবাল আইসিটি অ্যাক্সিলেন্স অ্যাওয়ার্ড পেয়েছে বাংলাদেশ। এ সফরে টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর মেক্সিকোতে এ অ্যাওয়ার্ড নেয়ার কথা ছিলো।
তবে নিউয়র্কের টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে পবিত্র হজ, জামাতে ইসলামী, তাবলীগ জামাত এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিতর্কিত বক্তব্যের কারণে এ অ্যাওয়ার্ডটি নেয়া সম্ভব হয়নি।
বুধবার গণমাধ্যমে দেয়া এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়।
প্রতিবেদনে বলা হয়, লতিফ সিদ্দিকীর পরিবর্তে এ অ্যাওয়ার্ডটি গ্রহণ করেছে তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
এদিকে, বিতর্কিত বক্তব্যের কারণে লতিফ সিদ্দিকীকে নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তার এ মন্তব্যের কারণে তাকে মন্ত্রীসভা থেকে অব্যাহতি দেয়া হতে পারে বলে জানা গেছে।
উল্লেখ্য, সোমবার নিউয়র্কের টাঙ্গাইল সমিতির অনুষ্ঠানে পবিত্র হজ, জামাতে ইসলামী, তাবলীগ জামাত, এবং প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে বিরূপ মন্তব্য করেন তিনি।