পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার খাগড়াগড়ে বোমা তৈরির সময় গত বৃহস্পতিবার দুই জঙ্গির মৃত্যুর ঘটনার পর ভারত-বাংলাদেশ সীমান্তজুড়ে কড়া সতর্কতা জারি করেছে রাজ্য পুলিশ। পাশাপাশি পশ্চিমবঙ্গ-বাংলাদেশ সীমান্তের অরক্ষিত এলাকাগুলো বন্ধ করে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
ভারতীয় গণমাধ্যমগুলোর সূত্র মতে, গণমাধ্যমের এসব খবরের ব্যাখ্যা চেয়ে দিল্লিকে চিঠি পাঠাবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাস্ট্র মন্ত্রণালয়। খবরে ভারতীয় নিরাপত্তার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বলা হয় গত ২ অক্টোবর বর্ধমানের একটি বাড়িতে বোমা বানানোর সময় বিস্ফোরণে নিহত শাকিল আহমেদ ও স্বপন ওরফে সুবহান মণ্ডল নিষিদ্ধ সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য।
ঘটনার পর গ্রেপ্তার হওয়া শাকিলের স্ত্রী রাজিয়া ও আহত আবদুল করিমের স্ত্রী আলিমাকে জিজ্ঞাসাবাদ করলে জেএমবি'র সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন তারা।
এছাড়া, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেটের বেশ কিছু লোকজনের সঙ্গে শাকিল নিয়মিত কথা বলতেন বলে জানিয়েছে পুলিশ।