সিরিয়ার শহর কোবানি আইএস জঙ্গিদের হাতে চলে গেলে সেখানকার হাজার হাজার মানুষের প্রাণহানি হবে বলে আশংকা করছে জাতিসংঘ। এ হত্যাযজ্ঞ ১৯৯৫ সালে বসনিয়ায় সংঘটিত গণহত্যার চেয়েও ভয়াবহ হবে বলেও মনে করছে বিশ্বসংস্থাটি।
জাতিসংঘ শান্তিদূত স্তাফান ডি মিসতুরা বলেছেন, কোবানিকে বসনিয়ার শহর স্রেব্রেনিকার মতো ভাগ্যবরণ করতে হতে পারে, যেখানে সার্বরা ৮ হাজার মুসলিমকে হত্যা করেছিল। জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী তাদেরকে রক্ষা করতে ব্যর্থ হয়েছিল।
সংস্থাটির হিসাব অনুযায়ী, কোবানিতে ৭০০'রও বেশি মানুষ আইএস জঙ্গিদের হাতে আটকা পড়েছে। জঙ্গিরা এরইমধ্যে শহরটির ৪০ শতাংশ দখলে নেওয়ায় সেখানে অবরুদ্ধ হয়ে পড়েছে কমপক্ষে ১২ হাজার মানুষ।
এদিকে, কোবানির দক্ষিণ পূর্বাঞ্চলীয় কুর্দি অধ্যুষিত এলাকায় আইএসের সঙ্গে কুর্দি যোদ্ধাদের গত তিন দিনের লড়াইয়ে কমপক্ষে ৩৩ জনের প্রাণহানি হয়েছে।